আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কখনো মৃত্যু ভয়ে আপস করেননি, স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করেছেন কখনো ভীত হননি। ঠিক তেমনি বঙ্গবন্ধুকন্যাও মৃত্যুকে তুচ্ছ করে, আলিঙ্গন করে ১৭ মে দেশে ফিরে এসেছিলেন।
বুধবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনাকে ১৯ বারের বেশি হত্যাচেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন কিন্তু ভীত হননি। শত বাধা, মৃত্যুভয় উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের জনগণ যতদিন শেখ হাসিনার পক্ষে আছে ততদিন কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না।
হানিফ বলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলার মধ্যদিয়ে বঙ্গবন্ধুকন্যাকে হত্যা চেষ্টা করা হয়েছে। আল্লহর রহমতে বঙ্গবন্ধুকন্যা সেদিন বেঁচে গিয়েছিলেন। কিন্তু শত শত মানুষ আহত হয়েছিল, আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী মারা গেছেন। যারা গ্রেনেড হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছিল সেই মানবাধিকার লঙ্ঘনকারীদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করে বিচারের পথ বন্ধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে তাদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান?
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যাকাণ্ড ছিল পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়ে তারা বিচারের রায় কার্যকরের পথ বন্ধ করে দিয়েছে। আজ তারা কোন মুখে মানবাধিকারের কথা বলে?
তিনি আরও বলেন, এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবার হত্যার মধ্যদিয়ে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছিল। দেশের উন্নয়ন-অগ্রগতিকে স্তব্ধ করে দেয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি জিয়া রাষ্ট্রক্ষমতা দখল করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীকে নির্যাতন করেছিল। লাখ লাখ নেতাকর্মীকে বিনা বিচারে জেলে রাখা হয়েছিল। দেশ দুর্বিষহ, দুঃসময় পার করছিল। এরকম এক ভয়াবহ পরিস্থিতিতে শেখ হাসিনা শত বাঁধা, ভয় উপেক্ষা করে বাঙালির মুক্তির জন্য মৃত্যুর মুখে দেশে ফিরে এসেছিলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ ৪২ বছর পর এদেশের পানি অনেক গড়িয়েছে। ২০০৮ সালে নির্বাচনে বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করার মধ্যদিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের পর মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করা হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা রাজাকার-আলবদরদের বিচার করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে এসেছেন। যে বাংলাদেশে ছিল চরম দারিদ্র। আজ চরম দারিদ্রসীমা ৫ শতাংশের কাছে নেমে এসেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ আজ বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ প্রমাণিত হয়েছে, বঙ্গবন্ধুকন্যা মুক্তির আলোকবর্তিকা হয়ে দেশে ফিরে এসেছিলেন বলে সেই বাংলাদেশ আজ আলোয় উদ্ভাসিত।











