spot_img

দেশের সিংহভাগ মানুষ অর্থনৈতিক কারণে কোরবানি দিতে পারছে না : জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সিংহভাগ মানুষ অর্থনৈতিক কারণে পশু কোরবানি দিতে পারছেন না। ঈদ উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না, আনন্দ করতে পারছেন না। যাদের সচ্ছলতা আছে তাদের উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যদি উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকারের উৎসব। এককভাবে আমরা কোনো উৎসব বা আনন্দ করতে পারি না। আমাদেরকে সম্মিলিতভাবে, সামাজিকভাবে এবং দেশের সকল মানুষ যেন সমানভাবে উৎসব উদযাপন করতে পারে সেজন্য সকলেরই দায়িত্ব আছে।

সোমবার (১৭ জুন) সকালে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, বর্তমানে যেভাবে দেশ চলছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমরা খুবই হতাশ হয়েছি এই বাজেটে। বিভিন্নভাবে যেসব সরকারি কর্মকাণ্ড হচ্ছে, তাতে সত্যিকার অর্থে জনগণের সমস্যা নিয়ে সরকার যে বিচলিত এটা মনে হচ্ছে না। তারা সরকার চালিয়ে যেতে চাচ্ছে নিজেদের ইচ্ছা-অনিচ্ছার উপরে। আমরা মনে করি এর থেকে উদ্ধার পাওয়া উচিত এবং সরকারেরও এখানে দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। অথবা জনগণকে এগিয়ে এসে সরকারকে এটা করতে বাধ্য করতে হবে।

দেশ যেন সুন্দরভাবে চলে এই প্রত্যাশায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমাদের দেশটি যেন সুন্দর ও ভালোভাবে চলে। সামনের দিকে যেসব অসহায় গরিব মানুষ আছে তারা যেন সচ্ছলতা ফিরে পায়। আবার যেন আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারি, সেটা প্রত্যাশা করছি। আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। যেখানে ন্যায্যতা-সমতা, সুবিচার থাকবে, কোনো বৈষম্য, অন্যায়-অবিচার থাকবে না। আমরা যেন এ ধরনের বাংলাদেশ উপহার পাই, আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।

পরে তিনি রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থানে গিয়ে তার মা-বাবা এবং দর্শনা পল্লীনিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ