অর্থনৈতিক আলোচনায় আফগানিস্তানকে এখন আর শুধু নানা চ্যালেঞ্জে জর্জরিত একটি দেশ হিসেবে দেখা হচ্ছে না। আমেরিকান দখলদারিত্বের অবসান এবং দেশটিতে নতুন স্বাধীন সরকার প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের বাস্তব সক্ষমতাসম্পন্ন একটি উদীয়মান অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে ধীরে ধীরে নিজের অবস্থান প্রতিষ্ঠা করছে আফগানিস্তান।
আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সুসংহত করা এবং উন্নয়ন ও পুঁজি আকর্ষণকে অর্থনৈতিক নীতির সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় ইমারাতে ইসলামিয়া নতুন একটি পর্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এই পর্যায়ে দেশটি তার প্রাকৃতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত করতে চায়।
এমন এক সময়ে এই পরিবর্তন ঘটছে, যখন অঞ্চলজুড়ে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক করিডরের মানচিত্র নতুন করে তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগকারী কৌশলগত অবস্থান কাজে লাগানোর জন্য আফগানিস্তানকে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।
দেশটির এই অনন্য ভৌগোলিক অবস্থান এখন আর শুধু তাত্ত্বিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই। পণ্য ও জ্বালানি পরিবহন সহজ করা এবং বিভিন্ন বাজারকে পরস্পরের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নেওয়া আঞ্চলিক প্রকল্পগুলোর একটি প্রধান অংশ হয়ে উঠেছে আফগানিস্তান। এর ফলে ট্রানজিট ও সীমান্তপারের বাণিজ্যের কেন্দ্র হিসেবে নিজের অবস্থান কাজে লাগানোর ব্যাপক সুযোগ তৈরি হয়েছে দেশটির সামনে।
বর্তমান তথ্য-উপাত্ত বলছে, আফগানিস্তানের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নতি এবং বেসরকারি খাতকে উৎসাহিত করা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া অর্থনৈতিক নীতি এই অগ্রগতিকে সহায়তা করছে।
এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যেসব খাতে দেশটির প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। এর মধ্যে খনিজ সম্পদ আহরণ, জ্বালানি, পরিবহন, অবকাঠামো ও কৃষি খাত উল্লেখযোগ্য। পাশাপাশি স্থানীয় সম্পদের মূল্য সংযোজন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পও বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদের প্রতিও ক্রমেই আগ্রহ বাড়ছে। দেশটিতে বিরল খনিজ, তামা, লোহা, লিথিয়াম ও মূল্যবান পাথরের বিশাল মজুত রয়েছে। পরিকল্পিত উন্নয়ন কৌশলের আওতায় এসব সম্পদ কাজে লাগানো গেলে তা এমন একটি অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে পারে, যা দেশের অর্থনীতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন আনবে।
কৃষি খাতও আফগানিস্তানে বিনিয়োগের বড় সুযোগ সৃষ্টি করছে। এই খাত দেশের জনগণের একটি বড় অংশের আয়ের প্রধান উৎস। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আধুনিক সেচব্যবস্থা ও রপ্তানি শৃঙ্খলে বিনিয়োগ বাড়ানো গেলে খাদ্যনিরাপত্তা শক্তিশালী হবে এবং স্থানীয় পণ্যের মূল্য সংযোজনও বাড়বে।
একই সময়ে আঞ্চলিক সংযোগ প্রকল্পগুলোতে নিজের উপস্থিতি বিস্তারে কাজ করছে আফগানিস্তান। জ্বালানি পরিবহন লাইন, রেলপথ, আন্তর্জাতিক সড়ক, গ্যাস ও ট্রানজিট প্রকল্পে অংশগ্রহণ বাড়িয়ে দেশটি এশিয়ার বিভিন্ন বাজারের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে চায়।
এসব প্রকল্প শুধু সরাসরি আর্থিক আয়ই নিশ্চিত করবে না। বরং এগুলো অঞ্চলটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে আফগানিস্তানের অবস্থান শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ খুঁজছেন এমন বিনিয়োগকারীদের কাছে দেশটির আকর্ষণ বাড়াবে।
পর্যবেক্ষকদের মতে, এই পর্যায়ে সফল হতে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন অব্যাহত রাখা প্রয়োজন। এ জন্য বিনিয়োগকারীদের আরও প্রণোদনা ও সুযোগ-সুবিধা দেওয়া, প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা, স্বচ্ছতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় আস্থা তৈরির জন্য নিশ্চয়তার পরিধি আরও বিস্তৃত করতে হবে।
বিনিয়োগ আকর্ষণে আঞ্চলিক প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। এ কারণে আধুনিক অর্থনৈতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে কাজ অব্যাহত রাখা জরুরি।
তারপরও বর্তমান সূচকগুলো বলছে, আফগানিস্তান বিগত বছরগুলোর তুলনায় এখন ভিন্ন পথে এগোচ্ছে। সংকট ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়ার পরিবর্তে দেশটির অর্থনৈতিক আলোচনা এখন সুযোগ কাজে লাগানো এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদারত্ব গড়ে তোলার দিকে এগোচ্ছে।
এই পরিবর্তন স্থিতিশীলতা জোরদার ও উন্নয়ন অর্জনের প্রধান প্রবেশদ্বার হিসেবে অর্থনীতিকে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।
এসব অগ্রগতির আলোকে আঞ্চলিক অর্থনৈতিক মানচিত্রে নিজের অবস্থান নতুন করে প্রতিষ্ঠার বাস্তব সুযোগ রয়েছে আফগানিস্তানের সামনে। নিরাপত্তা, বিস্তৃত বিনিয়োগের সুযোগ, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশটিকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্যে পরিণত হওয়ার প্রয়োজনীয় সক্ষমতা দিচ্ছে।
অর্থনৈতিক সংস্কারের গতি অব্যাহত থাকলে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী হলে আফগান অর্থনীতির যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে তা আরও সমৃদ্ধ ও টেকসই একটি অর্থনৈতিক পর্যায়ের ভিত্তি তৈরি করবে।
সূত্র: হুরিয়াত রেডিও











