বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে এটিই ছিল ভারতীয় হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ঢাকা ছেড়ে দিল্লিতে যান দীনেশ ত্রিবেদী। সেখানে গিয়ে একদিনের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ও বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নরেন্দ্র মোদির পরামর্শ ও দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
এদিকে তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে বলে তারা আশা করছেন। একই সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আর ‘আন্ডারমাইন’ করার মতো কিছু ভারত করবে না বলেও প্রত্যাশা করেন তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ‘খুবই ভালো আলোচনা হয়েছে’। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন।










