পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
রোববার (১৬ জুলাই) গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার থালিচির কাছে কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকদের বহনকারী একটি কোস্টার থালিচির কাছে কারাকোরাম হাইওয়ে থেকে ছিটকে পড়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। কোস্টারটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।










