পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) একই কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন প্রতিষ্ঠানটির অফিস কক্ষে জুতাপেটা করেন অধ্যক্ষ বিনয় কৃষ্ণকে।
জানা যায়, স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কলেজের কোনো নিয়ম কানুন মানেন না। অধিকাংশ সময় অধ্যক্ষের কথা অমান্য করেন। সোমবার যখন তাকে অ্যাসাইমেন্ট জমা দেয়া শিক্ষার্থীদের নাম রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করার জন্য বলা হয় তখনো সেই আদেশ কর্ণপাত করেননি ফরিদা। এরপর অধ্যক্ষ রেজিস্টার খাতা নিয়ে অফিস সহকারীর টেবিলে যান। এ সময় ১০-১২ জন শিক্ষার্থী ও স্টাফদের উপস্থিতিতে ফরিদা ইয়াসমিন হঠাৎ ক্ষুব্ধ হয়ে পায়ের জুতা খুলে অধ্যক্ষকে পেটাতে শুরু করে। পরবর্তীতে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফরিদার আক্রমণ থেকে রক্ষা করে অফিস কক্ষের বাইরে নিয়ে যায়।
বর্তমানে অধ্যক্ষ বিনয় কৃষ্ণ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসা শেষে ফরিদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।












