জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেট বলেছেন, বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিন তিনি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আগামী নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। একটি উত্তেজনাকর ও মেরুকরণের দিকে যাচ্ছে। এ অবস্থায় সুশীল সমাজের কর্মকাণ্ড খুব গুরুত্বপূর্ণ হলেও দেশটিতে সুশীল সমাজ ও বিভিন্ন অধিকার কর্মীদের কাজের ক্ষেত্র সংকুচিত হয়েছে।
বাচেলেট বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ সময় রাজনৈতিক দল, কর্মী, সুশীল সমাজের কর্মীদের সভা-সমাবেশের সুযোগ দেওয়া জরুরি। তাদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে। নারী, সংখ্যালঘু, তরুণদের দাবি বা চাওয়া শুনতে হবে। ওই সময়টাতে যে রাজনৈতিক অস্থিরতা থাকবে সেখানে অতিরিক্ত বলপ্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ি মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে কাজ করতে হবে।











