spot_img

গাজ্জা থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার চায় হামাস

গাজ্জা উপত্যকা থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

রোববার (১৬ আগস্ট) গাজ্জা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের রোডম্যাপ নিয়ে কায়রোতে হামাস প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনার পর দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে আনাদোলুর সঙ্গে কথা বলা একটি ফিলিস্তিনি সূত্র জানায়, আল-হাইয়ার নেতৃত্বাধীন হামাস প্রতিনিধিদল কায়রোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছে।

বিবৃতিতে হামাস বলেছে, “মিসরের উদার পৃষ্ঠপোষকতায় সংগঠনের প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে হামাসের নেতৃত্ব পর্যায়ের প্রতিনিধিদল গাজ্জা যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী ও নিশ্চয়তাদানকারী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।”

হামাস জানায়, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপের রোডম্যাপে সম্মত হয়েছে।

সংগঠনটি বলেছে, “এই সম্মতির ভিত্তি হলো আমাদের জনগণের স্বার্থ এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আকাঙ্ক্ষা, গাজ্জা উপত্যকা থেকে ইসরাইলি দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং জরুরি ও অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করা।”

হামাস আরও বলেছে, “মধ্যস্থতাকারী ও বোর্ড অব পিসকে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং প্রথম ধাপের আওতায় দখলদার বাহিনীকে তার সব অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করতে হবে। সব ধরনের লঙ্ঘনের অবসান ঘটাতে হবে, হত্যা ও অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপের রোডম্যাপ অনুমোদন করতে হবে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ