দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫২ জন খুলনা বিভাগে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন পাঁচজনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ৪০০ জন।











