রাজধানীর ওয়ারী থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ মুহাম্মাদ মনির নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি দল ওয়ারী থানাধীন আর কে মিশন রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারির মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে আনুমানিক ১১ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে ওয়ারীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।











