কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আফজল হোসেনসহ ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে বিএনপি’র ওই ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম নাশকতার মামলার আসামি ৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।
তিনি বলেন, মিরপুর পৌর এলাকা থেকে শুক্রবার সকালের দিকে নাশকতা মামলার আসামি বিএনপির ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী জানান, শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের সমূহের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে বিএনপি’র মিরপুর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন রয়েছেন।











