২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত গাজ্জার চিকিৎসকরা। এ তালিকায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজও রয়েছেন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াজ নেমেক এ তথ্য জানান। নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরই এ ঘোষণা দেওয়া হয়।
নেমেক জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, এই মনোনয়ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস, প্রচেষ্টা ও দৃঢ়তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এবং এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান।
মনোনয়নে পাওয়া গাজ্জার চিকিৎসকদের মধ্যে ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কা বিশেষভাবে উল্লেখযোগ্য।
নেমেক বলেন, “স্বাস্থ্য অবকাঠামো ধ্বংসপ্রায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের মধ্যেও তারা জীবন বাঁচিয়ে, চিকিৎসা নীতিমালা মেনে প্রতিদিন মানবতা, সংহতি ও শান্তির মূল্যবোধ বাস্তবায়ন করছেন। এমন স্বীকৃতির তারা নিঃসন্দেহে যোগ্য।”
নেমেক ফ্রান্সেসকা আলবানিজের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার ভূমিকাকে প্রশংসা করে বলেন, “ইসরাইল ও আমেরিকার পক্ষ থেকে কঠোর রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আমাদের সবার সামনে একটি আয়না ধরেন এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি অটল থাকেন।”
তিনি আরও বলেন, “এই বৈশ্বিক মনোনয়ন আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায়, সব পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও মানব মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”
সূত্র: আনাদোলু এজেন্সি










