spot_img

বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া উচিত: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া উচিত, যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা ছিলো বাহাত্তরের সংবিধান। বঙ্গবন্ধুর আদর্শ ছিলো বাহাত্তরের সংবিধান। কিন্তু শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে আর যেতে পারবেন না। কারণ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, সংবিধান আজ বিভিন্ন সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয়েছে। যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সে ধারা থেকে বাংলাদেশের বিচ্যুতি ঘটানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অটোরিকশা চালক বলরাম মজুমদারের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমরা সবাই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করতে পারি কিন্তু ইতোমধ্যে এ দাবি করে মুরাদ হাসান ধরা খেয়েছেন। আমরা সবাই মিলে দাবি করলেও শেখ হাসিনা বাহাত্তরের সংবিধানে ফিরতে পারবেন না। কারণ ভারতও বাবরি মসজিদের মামলায় অসাম্প্রদায়িক রায় দিতে পারেনি, এখানেও সম্ভব নয়।

কাদের মির্জা নিরীহ বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, কোম্পানীগঞ্জের কুলাঙ্গার ওসি এই সাজ্জাদ এখানে আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, একজন পুলিশ অটোরিকশা চুরি করার সময় পাবলিকের হাতে ধরা পড়েছে। অটোরিকশা চালকের চোখে মরিচের গুড়ো মেরে তার থেকে অটোরিকশা চুরি করেছে। চুরি করেছে কে? পুলিশ চুরি করেছে। এই কুলাঙ্গার ওসি তাকে সেখান থেকে নিয়ে এসেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ