অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা, তা শেখ মুজিবের আমলেই হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র- এই মটো (নীতিবাক্য বা আদর্শ) ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন, তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নীপিড়ন চালিয়েছেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন।
তিনি আরও বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নীপিড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল। তার মেয়ে জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানাননি। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসেবে রূপ দিয়েছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন।
সূত্র : বিবিসি











