প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ‘দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নবগঠিত মন্ত্রীসভাসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষরিত মন্তব্যে তিনি এ কথা লেখেন।
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি লেখেন, “১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবতকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”

পরিদর্শন বইতে তিনি হাসিনার শাসনকালকে ‘ফ্যাসিবাদী শাসন’ হিসেবে উল্লেখ করে বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।
পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, শহীদদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে এবং জনগণের সামনে ঘোষিত কর্মসূচি পালনে তিনি সকলের সহযোগিতা ও মহান আল্লাহর সাহায্য কামনা করেন।











