ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে উদ্দেশ করে বলেছেন, তিনি নিজে যেমন নানা ‘চমক’ ঘোষণা করেছেন, এখন তাকে ইরানের পক্ষ থেকেও নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, বাসিজ সংস্থার প্রধান এবং ডেনা ডেস্ট্রয়ারের নাবিকদের শাহাদাত উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
বার্তায় জেনারেল আব্দুল্লাহি দাবি করেন, আল্লাহর সহায়তা ও জনগণের সমর্থনে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “মিথ্যা অহংকার” ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনা বিশ্ব রাজনীতিতে একটি নতুন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে একটি পরাশক্তি উপহাসের শিকার হচ্ছে।
তিনি অভিযোগ করেন, শত্রুপক্ষ ইরানের নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন সেবা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমনকি তিন দিনের শিশুকেও রেহাই দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
মেজর জেনারেল আব্দুল্লাহি জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ডই শত্রুদের পরাজয়ের সবচেয়ে বড় লক্ষণ।










