spot_img
spot_img

ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে মেগাসিটি ঢাকা। তবে সম্প্রতি বাতাসের মান উন্নতির দিকে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে রাজধানীতে ঝড় ও বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও শীতল আবহাওয়ার কারণে সকাল ১০টা পর্যন্ত ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

বেশ কিছুদিন বায়ুদূষণের তালিকায় প্রথম দিকেই ছিল ঢাকার অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের বাতাসের গুণমান খারাপ। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

তবে সম্প্রতি বৃষ্টি ও আবহাওয়া শীতল থাকায় ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৯৭, দূষণের দিক থেকে যা মধ্যম মানের। বায়ুমানের তালিকায় ১১তম স্থানে উঠে এসেছে রাজধানী।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। ১৫১ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। নেপালের কাঠমান্ডু ১৪৬ এবং ভিয়েতনামের হ্যানয় ১৪০ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ