বিএনপি সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতী আমির হামজা।
তিনি বলেছেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হওয়া উচিত।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুফতী আমির হামজা বলেন, সরকার বলছে বাজেট নিয়ে নাকি আনন্দের বন্যা বইছে। অথচ বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এগুলো সরকার দেখছে না। তাহলে যারা বাজেট নিয়ে বিক্ষোভ করছেন তারা কি দেশের মানুষ না?
তিনি আরও বলেন, গতানুগতিক কথায় সমস্যার সমাধান হবে না। অর্থপাচার ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি জনগণের সামনে স্পষ্ট নয়। বিগত বছরগুলোর মতো এই বাজেটের টাকাও যেন সরকারি দলের লোকজন বিদেশে পাচার করতে না পারে তার নিশ্চয়তা চান তিনি।
মাদরাসা শিক্ষার অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাদরাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। এবতেদায়ি মাদরাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার, বীজ এবং শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানান আমির হামজা।











