বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা। এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনি তাদের পদত্যাগ করতে হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এর আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সরকার পতনের এক দফা দাবিতে এই পদযাত্রার আয়োজন করেছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, আবারও পরিষ্কার করে বলছি, অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। কারণ গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি। সেখানে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাংকের হ্যাভিওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনও ভোটার নাই। হিরো আলম কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তার সঙ্গে ভোট করতে গিয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হলো। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।
আজ যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।










