দেশের জন্য প্রয়োজনে এক হাজার বছর কারাভোগ করতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, কারাগারে কী সুযোগ-সুবিধা দেওয়া হলো আমি সেসবের তোয়াক্কা করি না। যদি আমাকে এক হাজার বছর কারাগারে থাকতে হয় সেটাও কোনো ব্যাপার না। আমি স্বাধীনতার জন্য এমন ত্যাগ করতে রাজি আছি।
শুক্রবার (১৮ আগস্ট) কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী উমিয়ার নিয়াজি সাংবাদিকদের এসব কথা জানান।
নিয়াজি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে তার দাড়ি বড় হয়েছে। তাকে আজ একটি আয়না এবং শেভিং কিট দেওয়া হয়েছে।
ছয়জনের একটি দলের মধ্যে শুধু তাকেই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।
আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে আইনি দলের প্রবেশাধিকার সীমিত করার জন্য জেলারের আচরণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন বলে তিনি জানান।
ইমলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার (২২ আগস্ট) এই মামালার শুনানি করবে।
সূত্র: গালফ টুডে










