spot_img

জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা কাউকে নিতে দেওয়া যাবে না: ববি হাজ্জাজ

জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, এটি বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের ফসল। কোনো পক্ষকে এই গণঅভ্যুত্থানের একক মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কন্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে শুধু একটি নির্দিষ্ট আন্দোলন হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যাবে না। চাকরির দাবি, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা কিংবা অন্যায়ের প্রতিবাদের মতো ভিন্ন ভিন্ন দাবি নিয়ে রাজপথে নামলেও শেষ পর্যন্ত জনগণের একটি অভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল; যেখানে রাষ্ট্র ও সরকারব্যবস্থা জনগণের জন্য পরিচালিত হবে এবং নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জনের চেতনা একসময় রাজনৈতিক মালিকানায় চলে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, একই ধরনের পরিস্থিতি যেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিকের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং সরকার গঠনের পর তাকে জবাবদিহির মধ্যে রাখার দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন কি না, তা নজরে রাখা এবং প্রশ্ন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক হলেও দল বা ব্যক্তির ঊর্ধ্বে দেশ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে হবে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ