spot_img
spot_img

দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

প্রায় পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর পুনর্গঠন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন কমিশন গঠন করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ আনুষ্ঠানিক করা হয়। একই আদেশে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুযায়ী তাদের নিয়োগ কার্যকর হয়েছে। আইন অনুযায়ী দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা ও মর্যাদা পাবেন। দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকের সমান সুযোগ-সুবিধা পাবেন।

নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি।

কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্য কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। তিনি আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের অধীন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করলে কমিশনশূন্য হয়ে পড়ে দুদক। সোমবারের এই নিয়োগের মাধ্যমে প্রায় পাঁচ মাসের শূন্যতা পূরণ হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ