spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু; আক্রান্ত ২৩২

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে এবং চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩২ জনের মধ্যে ৪৫ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৯৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৯০ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০৭ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৫ হাজার ১০৪ জনের ডেঙ্গু শনাক্ত হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ