জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, বর্তমান সরকারের সাত মাস চলছে। গত ছয় মাসে সরকারের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তবে এই লং মার্চের মাধ্যমে জামায়াত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, লং মার্চ হলো আন্দোলনের একটি চূড়ান্ত কর্মসূচি এবং এমন একটি সম্ভাবনাময় সরকারের বিরুদ্ধে এটি শুরু করা উচিত নয়। জামায়াত আমীর ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন, যার ফলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।











