ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের সকল নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যেকোনও ধর্মাবলম্বী নাগরিক তাদের ধর্ম-কর্ম নির্বিঘ্নে পালন করতে পারা তার নাগরিক অধিকার। এ অধিকারে হস্তক্ষেপ করার এখতিয়ার কারও নেই।
সোমবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লায় দেশের ৯২ ভাগ মুসলমানের প্রাণের স্পন্দন ধর্মগ্রন্থ আল-কুরআনের অবমাননা করা হলো। সরকার কুরআন অবমাননাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে উল্টো ধর্মপ্রাণ মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি আরও বলেন, কুরআন অবমাননাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল হাজার বছরের ঐতিহ্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠছে। এ ব্যাপারে সরকার কোনও কার্যকরি ভূমিকা রাখতে পারেনি। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পীরগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। সেইসাথে কুরআন অবমাননাকারীদের গ্রেফতার এবং উস্কানিমূলক বক্তব্যদানকারী মন্ত্রী এবং এমপিদেরকেও সংবিধান লংঘনের দায়ে স্বপদ থেকে বহিস্কার করতে হবে। সংবিধান লঙ্ঘন করে মন্ত্রী এবং এমপিগণ স্বপদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, তাই তাদেরকে অবিলম্বে বহিস্কার করতে হবে।










