spot_img

কুমিল্লার ঘটনায় সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক অপশক্তি জড়িত: নূর

কুমিল্লার ঘটনা যারা ঘটিয়েছে তারা সাম্প্রদায়িক অপশক্তি নয় বরং রাজনৈতিক অপশক্তি- বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে কোনো হিন্দু-মুসলিম জড়িত নয়, জড়িত দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এই ঘটনা ঘটিয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে নুরুল হক নূর এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে’ ছাত্র অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

সরকারের উদ্দেশ্যে নুরু বলেন, প্রতিপক্ষের ওপর দায় চাপানোর গতানুগতিক বক্তব্য বাদ দিয়ে দ্রুত বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের ক্ষতির দ্বিগুণ পরিমাণ সহযোগিতা করতে হবে। লোক দেখানো তদন্ত কমিটি কিংবা ঘটনাস্থল পরিদর্শনেই যেন এ ঘটনা সীমাবদ্ধ না থাকে।

নুরুল হক নূর বলেন, সারা দেশ যখন দাঙ্গা-হাঙ্গামায় জ্বলছে, তখন বৃহৎ রাজনৈতিক দলগুলো একে অন্যের ওপর দায় চাপিয়ে গতানুগতিক বক্তব্য দিচ্ছে। এসব অঘটন যারা ঘটিয়েছে, তারা সাম্প্রদায়িক অপশক্তি নয়, রাজনৈতিক অপশক্তি।’

তিনি বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারে রয়েছে। রামু, নাসিরনগর, অভয়নগরসহ বিভিন্ন জায়গায় দাঙ্গা-হাঙ্গামা তাদের শাসনামলেই ঘটেছে। একটি ঘটনারও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত হয়নি। এর মধ্য দিয়ে আমরা ধারণা করতে পারি, সরকার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এসব ঘটনা ঘটায়। নাসিরনগরের ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত তিনজনকে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বোঝা যায়, সরকার এই অপশক্তিকে প্রশ্রয় দেয়। একটি খুনেরও বিচার হচ্ছে না, একটি ঘটনারও তদন্ত হচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ