ইরানের পারমাণবিক কার্যক্রমে ট্রাম্পের ‘নাক গলানো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু (ইরান) কোন অপরাধের কারণে এ অধিকার ব্যবহার করতে পারবে না সেটি তিনি বলেন না। একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?
রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ।
ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে বলেও জানান তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান কখনো কোনো দেশে হামলা করেনি; করবেও না। কিন্তু ইরানই হামলার শিকার হয়েছে। এ কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের আত্মরক্ষা করছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না, তার কোনো সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না।











