spot_img
spot_img

আজ দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে মেগাসিটি ঢাকা। যদিও সম্প্রতি বাতাসের মান উন্নতির দিকে। তবে শুক্রবার (১৯ মে) সকালে ঢাকার বাতাসের মান আবারও অবনতি হয়েছে। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

বেশ কিছুদিন বায়ুদূষণের তালিকায় প্রথম দিকেই ছিল ঢাকার অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের ফলে দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের বাতাসের গুণমান খারাপ।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

তবে সম্প্রতি বৃষ্টি ও আবহাওয়া শীতল থাকায় ঢাকার বাতাসের মানে উন্নতি লক্ষ করা গেছে। কিন্তু শুক্রবার সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৬, যা অস্বাস্থ্যকর। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী। আগের দিন বৃহস্পতিবার (১৮ মে) সকালে ঢাকার একিউআই স্কোর ছিল ৯৭, যা দূষণের দিক থেকে ছিল মধ্যম মানের। বায়ুমানের তালিকায় ১১তম স্থানে ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। ১৬৯ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে আছে দিল্লি। আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৬১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ