লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমেরিকার কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে বেশ কিছু শর্ত দিয়েছে তেহরান।
মঙ্গলবার (১৯ মে) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এসব শর্ত প্রকাশ করেন।
ঘারিবাবাদি বলেন, লেবাননসহ সব ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের কাছাকাছি অঞ্চলে অবস্থানরত আমেরিকার সব সেনা প্রত্যাহার করতে হবে। আমেরিকা ও ইসরাইল যুদ্ধের সময় যে ক্ষয়ক্ষতি করেছে, সেগুলো সংস্কার করে দিতে হবে।
তিনি জানান, এর পাশাপাশি ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করে রাখা বৈদেশিক মুদ্রা ছাড় এবং আমেরিকান নৌবাহিনীর নৌ-অবরোধ প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে।
এর আগে ইরানের দেওয়া প্রস্তাবকে ‘আবর্জনা’ বলে অভিহিত করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগের প্রস্তাব থেকে নতুন প্রস্তাবে বড় বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনেনি ইরান, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে সোমবার (১৮ মে) রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মঙ্গলবার ইরানে পুনরায় হামলা শুরুর পরিকল্পনা ছিল তাদের। তবে সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এ হামলা চালানো থেকে বিরত থেকেছেন।
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে তাদের চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।
সূত্র: রয়টার্স











