বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন স্ট্যাটাস ও কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটকে আটক করেছে পুলিশ। আটককৃত জিয়াউর রহমান সম্রাট ওই গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।
শনিবার (১৯ জুন) বেলা ৩টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রাম থেকে তাকে আটক করে কবিরহাট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নোবিপ্রবির ডিপিডি দফতরের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ একটি পোস্ট করেন। এ ঘটনায় শুক্রবার রাতে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফেসবুকে পোস্টকারী সম্রাটের শাস্তি দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়- সম্রাটের এমন কর্মকাণ্ডে ওবায়দুল কাদেরের অর্জিত সম্মান ক্ষুন্ন হয়েছে।
কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে জিয়াউর রহমান সম্রাটকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












