করোনা সংক্রমণ রোধে আজ দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) এক দিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল সোমবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, এই ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসমূহের ওয়ার্ড পর্যায়েও কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে। এক দিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে সারাদেশে ৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বুস্টার ডোজ ভ্যাকসিন নেয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যেকোনো কোডিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহীতা এই বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন প্রদানের শর্তাবলী অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে।
সূত্র : বাসস










