সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, তাদের কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। জনগণ এই সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নিঃশেষ করেছে, বাকস্বাধীনতাকে নিরুদ্দেশ করেছে, কথা বলার স্বাধীনতা নিরুদ্দেশ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। যেহেতু দেশে এই রকম একটা পরিবেশ তৈরি করেছে তাহলে তারা কী নিয়ে জনগণের সামনে দাঁড়াবে তাই তারা উন্নয়নের কথা বলে জনগনের সামনে ধোঁয়াশা তৈরি করতে চায়।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন আওয়ামী লীগের এক নেতা, তার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চেয়েছিলেন। এ কারণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ২০ থেকে ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।










