পশ্চিম বলকান অঞ্চল জুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তুরস্ক একটি প্রধান শক্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সার্বিয়ান প্রতিরক্ষামন্ত্রী মিলোস ভুসেভিচ। এছাড়াও কসোভোর নির্বাচনী ইস্যু ঘিরে আঙ্কারা ও বেলগ্রেড ভিন্নমত পোষন করলেও তা জাতীয় স্বার্থ অর্জনে বাধা প্রদান করবে না বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ জুলাই) সার্বিয়ার গনমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “তুরস্ক একটি বৃহত্তম ও শক্তিশালী দেশ, যেটি পশ্চিম বলকান অঞ্চল জুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। কিন্তু আঙ্কারার বিপরীতে কসোভোকে আমরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি।”
তার এ মন্তব্যটি এমন সময়ে এসেছে, যার ঠিক একদিন আগেই সার্বিয়ার সীমান্তবর্তী দেশ কসভোর কাছে বায়রাক্টার টিবি ২ নামক মানববিহীন ড্রোন বিক্রয় করেছে তুরস্ক।
গত এপ্রিলে সার্বিয়া ঘেঁষা কসোভোর ৪টি শহরের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ নির্বাচন বর্জন করে সেখানকার সার্বিয়ানরা। ফলে জাতিগত আলবেনিয়ান কসোভো মুসলিমরা ক্ষমতায় চলে আসে। আর এ বিষয়টি নিয়েই মূলত ভিন্নমত পোষণ করে বেলগ্রেড ও আঙ্কারা।
যদিও গত ৬ জুলাইয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সাথে এক ফোনালাপে আঙ্কারা-বেলগ্রেডের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবী করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এছাড়াও এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সার্বিয়াকে খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: টিআরটি











