লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
হামলায় হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় লেবাননের মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও দখলকৃত এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অনিশ্চিত থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র দপ্তরে পৌঁছেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, “প্রেসিডেন্ট জোসেফ আউন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের জন্য আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ভবনে পৌঁছেছেন।”
২০০৯ সালের পর কোনো লেবানিজ প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফরের অংশ হিসেবে মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আউনের সাক্ষাৎ করার কথা রয়েছে।
লেবানন ও ইসরাইলের মধ্যে আমেরিকার সমর্থনে চলমান সরাসরি আলোচনার মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাত্র কয়েক দিন আগে রোমে আমেরিকার মধ্যস্থতায় আলোচনার আরেকটি পর্ব শেষ করেন দুই দেশের কর্মকর্তারা।
সূত্র: আলজাজিরা।










