spot_img
spot_img

আইফোনের জন্য ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মায়ের আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি। খোঁজ না পেয়ে তার মা ফেসবুকে পোস্ট দেন এবং পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের সঙ্গে থাকা ফোনটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল। পরে ফোনটির সংযোগ পাওয়া যায়নি। শনিবার জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজসহ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, মুঠোফোনের জন্যই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা অনেকটা নিশ্চিত। তবে হত্যার প্রকৃত কারণ ও আটক ব্যক্তির সংশ্লিষ্টতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অপ্রতিমের বাবা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ