রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার মনুনদীর পাড়ের সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এম এ মান্নান বলেন, মসজিদ-মন্দির-গির্জা সব কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মণিপুরী, সাঁওতাল, খাসিয়া-গারো সবার বাংলাদেশ এটি। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। সবাই মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সবাই মিলে একটি পরিবার।
পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন হচ্ছে না, এমন কোনও জায়গা বাংলাদেশে নেই। সারা দেশে কাজের একটা জোয়ার চলছে। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে। এটা প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড! নির্বাচন করবে না তারা বলতে পারে, কিন্তু নির্বাচনে বাধা দিতে পারে না।










