রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে বিরোধ। ধারনা করা হচ্ছিলো ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর ইউক্রেনের মিত্র রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়াবে। তবে সেই সম্ভবাবনা ক্ষীণ হয়ে এসেছে।
রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে হামলা করলে আমেরিকা অথবা দেশটির মিত্ররা সেনা পাঠাবে না। শনিবার (১৮ ডিসেম্বর) ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ইউক্রেনে রুশ সেনাবাহিনী হামলা করলে দেশটিকে রক্ষায় ব্রিটেন বা মিত্র দেশগুলোর সেনা পাঠানোর সম্ভাবনা খুবই কম।
রোববার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান উত্তেজনা চলছে। বৈশ্বিক পরাশক্তি এই দেশটি যেকোনো সময় প্রতিবেশী ইউক্রেনে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করছে পশ্চিমারা। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের এই মন্তব্য নিঃসন্দেহে কিয়েভকে হতাশ করবে।
স্পেকটেটর’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘ইউক্রেন সামরিক জোট ন্যাটোর সদস্য নয়। তাই রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউক্রেনে মিত্র দেশগুলোর সেনা পাঠানোর সম্ভাবনা খুবই কম।’
তিনি আরও বলেন, এ কারণেই প্রেসিডেন্ট পুতিনকে এই কাজ (ইউক্রেনে হামলা) না করতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিই রাশিয়াকে প্রতিরোধের সম্ভাব্য প্রধান কৌশল বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: বিবিসি











