চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মুহাম্মাদ শামিম রেজা (২৫) নামে এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক রাখাল।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামিম শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। আহত গুলিবিদ্ধ রাখাল একই উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের পোড়াপাড়া মহল্লার মৃত সোহবুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেন, সকাল থেকেই এমন নিহতের কথা আমরাও শুনেছি। তবে নিহত বা আহতদের পরিবার এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। এ বিষয়ে তারা জানালে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে। এ নিয়ে বিজিবি সদস্যরাও মাঠে কাজ করছে। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।











