অনাস্থা প্রস্তাবের জবাবে বিরোধীদের সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিদ্রোহীদের ক্ষমা করে দিয়ে দলে ফিরতে বলেছেন তিনি।
বিরোধী দলকে তিনি বলেছেন, অনাস্থা প্রস্তাবের এই ‘ম্যাচে’ তারা বাজেভাবে হেরে যাবে।
রোববার (২০ মার্চ) এ খবর দিয়েছে অনলাইন ডন।
অর্থের বিনিময়ে বিরোধীরা তাদেরকে কিনে নিয়েছে বলে অভিযোগ ইমরান খান ও তার মন্ত্রীদের। ওদিকে স্পিকার আসাদ কাইসার আগামী ২৫ শে মার্চ অনাস্থা প্রস্তাবে জাতীয় পরিষদের নিম্ন কক্ষের অধিবেশন আহ্বান করেছেন। এই অবস্থায় মালাকান্দে এক র্যালিতে রোববার ভাষণ দেন ইমরান খান।
তিনি বলেন, দলের সঙ্গে ভিন্নমত পোষণকারী দলীয় ওই সদস্যদের ফিরিয়ে আনতে তাদেরকে বিরোধীদের মতো ঘুষ দেয়ার প্রস্তাব করা হয়েছিল।
ইমরান বলেন, কিন্তু বিরোধীদের মতো একই পথ অবলম্বন অর্থাৎ ঘুষ দেওয়ার চেয়ে তার সরকার হেরে যাওয়া শ্রেয়।











