আমেরিকার প্রতি ইরানের জনগণের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, আমেরিকা সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের মনে যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে, তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকার কর্মকর্তাদের গঠনমূলক নয় এমন এবং স্ববিরোধী অবস্থান একটি তিক্ত বার্তাই বহন করছে। সেটি হচ্ছে, আমেরিকানরা ইরানের আত্মসমর্পণ চায়।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে বলে দেওয়া মন্তব্যের পর পেজেশকিয়ান এই পোস্ট করেন।
পেজেশকিয়ান লিখেছেন, ইরানের জনগণ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না।
এদিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আমেরিকান প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন।
তবে আমেরিকার কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও আমেরিকাতেই রয়েছেন এবং তিনি পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করেননি।
আমেরিকার সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র: রয়টার্স











