জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, আফগানিস্তান বিষয়ে ইসলামাবাদের দীর্ঘদিনের হস্তক্ষেপমূলক নীতি ব্যর্থ হয়েছে। এই নীতি প্রতিবেশী দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়াতেও ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২০ মে) করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তান কখনও আফগান সরকারগুলোকে সমর্থন করেছে, আবার কখনও তাদের বিরোধিতা করেছে। তিনি এই নীতিকে ব্যর্থ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সমস্যাগুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত।
নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করে রাষ্ট্রের ব্যর্থ নীতিরও সমালোচনা করেন মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, একসময় যেসব গোষ্ঠীকে পাকিস্তানের ঘনিষ্ঠ বলে মনে করা হতো, তারাও এখন দেশটির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
কাবুল ও ইসলামাবাদের মধ্যকার চলমান বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এসব বিরোধের মধ্যে রয়েছে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, শরণার্থী ইস্যু এবং নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ, পারস্পরিক নিরাপত্তা অভিযোগ এবং পাকিস্তানের পক্ষ থেকে আফগান শরণার্থীদের বহিষ্কার নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মাওলানা ফজলুর রহমান এই মন্তব্য করলেন।
সূত্র: আরিয়ানা নিউজমাওল











