২৪ লাখের বেশি আফগান শরণার্থী আফগানিস্তানে ফিরেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ধাপে ধাপে, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করে। এর আওতায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২৪ লাখের বেশি আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
শুক্রবার (১৯ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ইসলামাবাদ থেকে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, বিশ্ব শরণার্থী দিবস মনে করিয়ে দেয় যে শরণার্থীদের সুরক্ষা দেওয়া এবং তাদের নিরাপদ পুনর্বাসনে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, ১৯৭৯ সালের ঘটনাবলির পর কয়েক দশকের সংঘাত ও নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও পাকিস্তান সীমান্ত পারাপারের পথ খুলে দেয় এবং চার দশকেরও বেশি সময় ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দেয়। পাশাপাশি তাদের শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক সেবা পাওয়ার সুযোগ করে দেয়।
তিনি আরও বলেন, তার দেশ বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয়দানকারী দেশগুলোর একটি হিসেবে রয়েছে। এই দীর্ঘ সময় ধরে পাকিস্তান লাখ লাখ আফগান নাগরিকের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব সামলেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে পাকিস্তানের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে তিনি আফগান শরণার্থীদের স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন এবং সেখানে পুনর্বাসন ও সমাজে পুনরায় একীভূত হতে সহায়তার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আরিয়ানা নিউজ











