চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া বলেছেন, বিগত দিনের সব অন্যায় ও জুলুমের বিচার নিশ্চিত করতে হবে।বিশেষ করে যারা আলেম-ওলামা ও সাধারণ ছাত্রজনতাকে হত্যা করেছে, গুম করেছে এবং অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি করেছে। তা না হলে দেশে আরো অন্যায় ও জুলুম হবে। দেশ থেকে পাচারকৃত টাকা ফেরৎ আনতে হবে। কেননা এগুলো জনগণের সম্পদ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৈষম্যবিরোধী কওমী ছাত্রঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধুমাত্র দেশের সংস্কার করলে হবে না মানুষের মনের ও সংস্কার করতে হবে। তা না হলে দেশ থেকে অন্যায় ও জুলুম দূর হবে না। আর সেই সংস্কার করার জন্য কুরান ও সুন্নাহের পরিপূর্ণ অনুস্মরণ করতে হবে। এবং কুরআনকে রাষ্ট্রের সংবিধান বানাতে হবে।
সেমিনারে আরো বক্তৃতা করেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতী হারুন ইযহার, মাওলানা মীর ইদ্রিস নদভী, জামিয়া বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী, দারুল মা’আরিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানি, মুফতী মানজুর সিদ্দিকী, ড.আমিনুল হক, আহমদ রফীক, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা হেলালুদ্দীন পুকুরিয়বী, মাওলানা মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা আম্মারুল হক ও মাওলানা মিজানুর রহমান ইবনে আলি প্রমুখ।











