ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, আইয়্যামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত জাতি। বর্বর, বেদুঈন, শিক্ষা ও আলো থেকে বঞ্চিত অন্যায় জুলুম ও অনৈতিকতার সয়লাব মানবজাতি। ঠিক এমন সময় অরাজকতার অন্ধকারে আকস্মিকভাবে জ্বলে উঠলো আলোক মশাল। সভ্যতার সূর্যোদয়ের দায়িত্ব নিয়ে ৫৭০ খৃস্টাব্দের ১২ই রবিউল আওয়াল পৃথিবীতে আবির্ভূত হলেন সমগ্র মানবজাতির মুক্তির দূত ও জগতবাসীর জন্য রহমতস্বরূপ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম। তাঁর ছোঁয়ায় নবুওয়াতের মাত্র ২৩ বছরেই আরবরা বিনির্মাণ করলো এক নতুন পৃথিবী। তাই সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে ইনসাফপুর্ণ, শান্তিময় ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শকে অনুসরণ করতে হবে জীবনের সকলক্ষেত্রে।
বুধবার (২০ অক্টোবর) রাজধানীর বাসাবো ঝিলপাড় জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি সবুজবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, পরকালের নাজাতে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমানের কাজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।
চরমোনাই পীর বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মানুষের মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তখন তার উপরও নেমে এসেছিল অবর্ণনীয় জুলুম-নির্যাতন। তিনি কাফির-মুশরিকদের জুলুম-নির্যাতন ও মুনাফিকদের নানামুখী ষড়যন্ত্রেও সবর ও ইসতিকামাতের মাধ্যমে দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তাকে শিয়াবে আবি তালিবে দীর্ঘ ৩ বছর অবর্ণনীয় দুঃখ-দুর্দশার মধ্যে কারা নির্যাতন ভোগ করতে হয়েছিল। কিন্তু তিনি কখনও আদর্শ বিচ্যুত হননি বরং সকল বাধা-প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কালেমার পতাকাকে সমুন্নত করেছিলেন। তাই সাম্প্রতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের ক্রান্তিকালে চরম ধৈর্য্য, সহনশীলতা, নিষ্ঠা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে।
চরমোনাই পীর সকলকে ভ্রান্ত মত ও পথ ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান।












