রাজধানী কিয়েভে আছড়ে পড়ছে একের পর এক “কামিকাজে ড্রোন”। পরিস্থিতি আরও ঘোরাল করে ইঙ্গিতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য জরুরী নির্দেশ জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে, ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) কিয়েভে ভারতীয় দূতাবাসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের ইউক্রেন সফরে না আসার আরজি জানানো হচ্ছে। শিক্ষার্থীসহ যে ভারতীয় নাগরিকরা এখনও ইউক্রেনে আছেন, তারা দ্রুত দেশে ফিরে যান।
বিশ্লেষকদের মতে, ইউক্রেনে হামলার ঝাঁজ আরও বাড়াতে চলেছে রাশিয়া। ফলে পরমাণু হামলার আশঙ্কাও বাড়ছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না নয়াদিল্লি। সময় থাকতেই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, আর আগেও একটি সতর্কবার্তা জারি করেছিল কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়, ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফরে যাবেন না। ইউক্রেনের মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাদের কাছে পৌঁছনো যায়।











