spot_img

দেশের স্বার্থেই বিশ্বজয়ী হাফেজ ও ক্বারীদের সম্মাননা দেয়া উচিত: মাওলানা ইউনুছ

কুয়েত আমীরের তত্ত্বাবধানে দেশটিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোর হাফেজ আবু রাহাত বিশ্বজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার মাওলানা ইউনুছ আহমাদ এক অভিনন্দন বার্তায় বলেন, মাত্র ১৩ বছর বয়সের একজন হাফেজে কুরআন আবু রাহাতের এই বিজয় মুসলিমবিশ্বে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। তার এই গৌরবময় মুসলিম উম্মাহর বিজয়, ইসলামের বিজয়, কুরআনের বিজয়। এ বিজয় এটা প্রমাণ করেছে যে, শত প্রতিকূলতা ও সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ও শিক্ষার চর্চা থেমে নেই।

তিনি বলেন, হাফেজ আবু রাহাতের বিজয়ে দেশের সর্বস্তরের মানুষ খুশী ও আনন্দিত। রাহাতের বিজয়ে দেশের মুসলমানরা ইসলামকে হৃদয়ের কতটা গভীর থেকে ধারণ করে তা সহজেই অনুমেয়। বিশ্ববিজয়ী হাফেজ আবু রাহাতের শিক্ষক এবং পিতা-মাতাকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিটি মুসলিম মা-বাবার কর্তব্য, নিজ নিজ সন্তানকে আবশ্যিকভাবে কুরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এতে তারা শুধু পরকালেই আল্লাহর কাছে পুরষ্কারপ্রাপ্ত হবেন না, দুনিয়াতেও মর্যাদাবান হবেন এবং তাদের সন্তানরা সৎ ও আদর্শবান হিসেবে গড়ে উঠার পথ খুঁজে পাবে।

তিনি আরও বলেন, সম্প্রতি একটি মহল ইসলামপন্থিদেরকে নারীবিদ্বেষী হিসেবে দাড় করানোর চেষ্টা করছে। আলেম-উলামারা কখনোই নারীদের ন্যায্য অধিকার ও মর্যাদার বিপক্ষে নয়। নিজেদের ইজ্জত-সম্মান ও নিরাপত্তা অটুট রাখার স্বার্থেই ইসলামের অন্যতম বিধান পর্দা মেনে শালীনভাবে জীবনযাপনের উপদেশ দিয়ে থাকেন।

মাওলানা ইউনুছ বলেন, ১১৭ দেশের অনেক বড় পরিসরের কুরআন প্রতিযোগিতায় হাফেজ আবু রাহাতের বিজয়ে দেশের সর্বস্তরের জনতা যে হারে বিপুল আনন্দ উদযাপন করছে, তাতে প্রমাণ হয় দেশের ১৮কোটি জনতা ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদিদের মিথ্যাচারে কখনো বিভ্রান্ত হন না। আমরা আশা করবো ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্বজয়ী তরুণ এই হাফেজদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে অর্জিত এই বিশাল গৌরবকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। কেননা এ বিজয় দেশের, ইসলামের, ১৮ কোটি মানুষের।

তিনি বলেন, হিফজ শিক্ষার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত উপেক্ষা করে আবু রাহাত বিজয়ী হয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ