খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসা ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি চোখ ও চর্মরোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
দুর্গম এ অঞ্চলে দীর্ঘদিন পর চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাড়া দেখা যায়। সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরাও এতে সেবা দেন।
চিকিৎসা ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি চোখ ও চর্মরোগসংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তিতে থাকা এলাকার মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
বড়পাড়াসহ আশপাশের এলাকায় বসবাসরত চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর এ ধরনের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়।
চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।











