চীনে করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুহার আরও বাড়বে। কয়েক সপ্তাহ মৃত্যুশূন্য থাকার পর গতকাল সোমবার চীনে করোনায় প্রথম দুজনের মৃত্যু হয়।
এ নিয়ে চীনে ২০১৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ৫ হাজার ২৪২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।
২০১৯ সালে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর লকডাউনসহ বিভিন্ন করোনা বিধিনিষেধ জারি রেখেছিল চীন সরকার। তবে ব্যাপক বিক্ষোভের মুখে ৭ ডিসেম্বর চীন সরকার করোনার কারণে কঠোর বিধিনিষেধগুলোর বেশির ভাগই প্রত্যাহার করে নেয়। এরপর থেকে দেশটিতে আবারও করোনার সংক্রমণের হার বাড়তে থাকে।











