spot_img
spot_img

ছাত্রলীগ নেতাকে মারধর করল আওয়ামী লীগ নেতা

লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নিজ অনুসারী না হওয়ায় এ কান্ড ঘটান আবুল কাশেম জিহাদি নামের এ আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারের কায়কোবাদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

আহত রাকিব সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সে উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা রফিক উল্যাহ ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অভিযুক্ত আবুল কাশেম জিহাদী চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্র ও হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিব জানান, আগামী ২৭ ডিসেম্বর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে পোদ্দার বাজার ভাই ভাই ক্লাবে ছাত্রলীগের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে রাকিবের উপস্থিতি দেখেই অতর্কিত হামলা চালায় আবুল কাশেম জিহাদিসহ বেশ কয়েকজন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এছাড়া অশ্লীল ভাষায় গালমন্দ করারও অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে হামলা ও মারধরের ঘটনাটি অবহিত নন বলে জানান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদী।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আবুল কাশেম জিহাদীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ