spot_img

মাওলানা জাফরুল্লাহ খান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

তিনি বলেন, কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। মাওলানা জাফরুল্লাহ খানের শূন্যস্থান পূরণ হবার নয়। তিনি জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মুহাদ্দিস ছিলেন, তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন। যার হাতে অনেক যোগ্য শাগরিদ তৈরি হয়েছে। তিনি চট্টগ্রাম দামপাড়া মাদরাসার মুহতামিম থাকা অবস্থায় হযরত হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন দলের মহাসচিবের পদ অলংকৃত করেন। উনার মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক এদেশের আপামর জনতা খুব কম সংখ্যক দেখেছে। দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে আপামর তৌহিদী জনতাকে রাহবারী করেছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) বাদ এশা মাওলানা জাফরুল্লাহ খানের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শোক সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আনসার উদ্দিন হাওলাদার, মাওলানা মাসুদুর রহমান, মাষ্টার শরীফুল ইসলাম ও মাওলানা সফিউল্লাহ প্রমূখ। দোয়া অনুষ্ঠানে মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে দোয়া করা হয় এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ